একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ। সন্তানের মরদেহ উদ্ধারের পর বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’
অপ্রতিমের বাড়িতে এখন শোকের মাতম। দেয়ালে থাকা তার হাসিমুখের ছবি আর স্মৃতিগুলো স্বজনদের কান্না আরও বাড়িয়ে দিচ্ছে। নির্বাক হয়ে পড়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয় অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে ফেসবুকেও পোস্ট করেছিলেন তার মা।
শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে ড. নাহিদা বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন।’
রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় অপ্রতিমের বাবা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।