জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচির সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার দাবি, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লংমার্চ করতে গিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করে দেশেরই ক্ষতি করা হয়েছে।
সম্প্রতি এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জামায়াত রাজপথে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেও সংসদে এ সংকটের জন্য আগের সরকারকে দায়ী করছে। এটিকে তিনি দলটির ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেন।
চরমোনাই পীর বলেন, ‘রাস্তায় নামে, লংমার্চ করে তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। সংসদে আবার বলে, এই তেল-গ্যাসের সমস্যা বর্তমান সরকারের আমলে হয়নি, আগের সরকারের কারণে হয়েছে।’
তিনি আরও বলেন, লংমার্চে বিপুল পরিমাণ তেল-গ্যাস খরচ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সাম্প্রতিক সময়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যসহ বিভিন্ন দাবিতে একাধিক লংমার্চ কর্মসূচি পালন করছে।
চরমোনাই পীর বলেন, রাজপথ ও সংসদে ভিন্ন বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ এ ধরনের রাজনৈতিক আচরণ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।