মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটির পাঁচ আরোহী মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বেঁচে যাওয়া একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য পরিস্থিতি ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে তাদের কার্যক্রম পরিচালনা করে।