মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে ভাড়া বাসার চিলেকোঠা থেকে নাদিয়াতুল জান্নাত স্নিগ্ধা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে ঘিরে সন্দেহের কথা জানিয়েছে স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানার তালটিয়া এলাকার একটি ভাড়া বাড়ির চিলেকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিয়াতুল জান্নাত স্নিগ্ধা পূবাইল এলাকার আফসার উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রবাসফেরত স্বামীকে নিয়ে তালটিয়া এলাকার মেহেদী হাসানের বাড়ির চিলেকোঠায় ভাড়া ওঠেন তিনি।
শনিবার সকালে ওই ভবনের কয়েকজন ভাড়াটিয়া ছাদে কাপড় শুকাতে গেলে সেখানে স্নিগ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মরদেহ উদ্ধারের আনুমানিক আধা ঘণ্টা আগে স্নিগ্ধার স্বামীকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানান তারা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক আলামত ও মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে স্নিগ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।