বিরোধী দলকে লংমার্চ ও রোডমার্চের মতো কর্মসূচি থেকে বিরত থেকে সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, ‘বিরোধী দলকে বলব, লংমার্চ না করে, রোডমার্চ না করে সরকারকে একটু সময় দেন। আপনারাও ধৈর্য ধরেন, দেশটা যাতে ভালো দিকে এগিয়ে নেওয়া যায়। পাঁচ বছরের জন্য জনগণ রায় দিয়েছে, অপেক্ষা করেন। ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন “পাই নাই, পাই নাই”—এভাবে তো হবে না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের কাছে জাদুর চেরাগ নেই যে তিনি ঘষা দিলেই ছয় মাসে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
জনদুর্ভোগ না বাড়িয়ে সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে অতীতের ‘স্বৈরাচার’ ফিরে আসার সুযোগ পায়।
বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যদি দুই-চার জায়গায় আবর্জনা পরিষ্কারে আমাদের সহযোগিতা করতেন, তাহলে আমরা খুশি হতাম। আসেন, আমাদের সঙ্গে বর্জ্য পরিষ্কার করেন। আমরা এই বুড়িগঙ্গাকে পরিষ্কার করার চেষ্টা করি। আর যদি সেটা না করেন, অন্তত ডিস্টার্ব না করে সরকারকে সহযোগিতা করেন।’
অনুষ্ঠানে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান আবদুস সালাম। তিনি বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার পাশাপাশি ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করার পরিকল্পনার কথাও জানান তিনি। আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে ঘিরে নৌ যোগাযোগব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সরকারি উদ্যোগে নদী ও নগরীর বর্জ্য সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।