মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় চার মাস আগে ঘড়ি কিনতে গিয়ে জাহিদ মুন্সির দোকানে ওই কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয়। কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকার বাসিন্দা জাহিদ জাকির মিস্ত্রির ছেলে। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে বিয়ের কথা বলে ওই কলেজছাত্রীকে একটি গেস্ট হাউসে নিয়ে যান জাহিদ। সেখানে তাকে ধর্ষণ করার পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এরপর সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। এসব স্থানের মধ্যে পূবাইলের মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল ও রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারের কথাও উল্লেখ রয়েছে। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মামলার বর্ণনা অনুযায়ী, পরে বিয়ের জন্য জাহিদকে চাপ দিতে থাকেন ওই কলেজছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার মোড় ঘোরে গত মঙ্গলবার। সেদিন বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গিয়ে জানতে পারেন, জাহিদ আগে একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বড় বোন।
এদিকে অভিযুক্ত জাহিদ মুন্সির বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।