ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তার কৃত্রিম অক্সিজেনও বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর।
মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সজীব তানভীর জানান, শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরে। এরপর থেকে তাকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়নি।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজে ছাড়াও এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম মেঘমল্লারের সঙ্গে কথা বলেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তানভীর আরও জানান, মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে শনিবার সকালে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। দ্রুত সুস্থ হয়ে উঠলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লারকে উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।