নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাই মিয়া (৬৫) মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।
অভিযুক্ত ইয়াসিন (২০) নিহতের ৮ছেলে ও এক মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি দীর্ঘ ৩-৪ বছর ধরে মানসিক রোগে ভুগছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আলাই মিয়ার ছেলে ইয়াসিন দু’দিন ধরে ভাত খায় নি। আজ ভোরে আলাই মিয়া ফজরের নামাজ আদায় করে ঘরে এসে চা তৈরি করছিল। এর মধ্যে ছেলে ঘুম থেকে উঠে। দু’দিন ধরে ভাত না খাওয়ায় কলা খেতে বলেন। এ নিয়ে বাবা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বটি দিয়ে তার বাবার ঘাড়ের পেছন দিক থেকে কোপ দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ইয়াসিন কে আটক করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।