ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার দেশকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে সর্বস্তরে দুর্নীতির বিস্তারকে দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।’
বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রেজাউল করীম বলেন, দলটি তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ কথাটি সরিয়ে ফেলেছে। এতে সেখানে ইসলামের বিষয়টি আর থাকছে না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারেও জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। পাশাপাশি নির্বাচনের সময় জামায়াতের আমির শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ পরিচালনার কথা বলেছিলেন বলে দাবি করেন চরমোনাই পীর। এসব বিষয় উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ‘সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।’
জামায়াতের সাম্প্রতিক লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াত লংমার্চ করেছে। অথচ পরে সংসদে দলটির আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়।
রেজাউল করীম প্রশ্ন করেন, ‘তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?’
বিএনপি সরকারেরও সমালোচনা করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে অভিযোগ করেন তিনি।
সংসদে ইতোমধ্যে ‘শরিয়াবিরোধী আইন’ অনুমোদন দেওয়া হয়েছে দাবি করে রেজাউল করীম বলেন, সরকার এসব আইন থেকে ফিরে না এলে ইসলামী আন্দোলন প্রতিবাদে নামতে বাধ্য হবে।