বিরোধী দলকে ‘এক দফার’ আন্দোলনের হুংকার না দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল এবং দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করে ক্ষমতায় এসেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, গত ছয় মাসে এমন একটি দিনও যায়নি, যেদিন বিরোধী দল আন্দোলন করেনি কিংবা হুংকার দেয়নি। এখন তারা আন্দোলনকে এক দফায় নিয়ে যাওয়ার কথা বলছে।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘এক দফার হুংকার দেবেন না। বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল। ১৭ বছর রাজপথে লড়াই করে উঠে আসা দল।’
এনসিপি ও জামায়াতের সমালোচনা করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এনসিপি এবং জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। লংমার্চে তাদের দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টের বক্তব্যের পার্থক্য নেই।’
তিনি বলেন, সবাই একটি সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু নির্বাচনের পরপরই বিরোধী দল আন্দোলন শুরু করেছে এবং এখন সেই আন্দোলনকে এক দফার আন্দোলনে নিয়ে যাওয়ার কথা বলছে।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কষ্ট করছে, সেটিও সরকার উপলব্ধি করছে।
তার দাবি, অন্তর্বর্তী সরকার এসব সমস্যা সমাধানে কার্যকরভাবে কাজ শুরু করলে বর্তমান সংকট আরও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হতো।
বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এ্যানি। তিনি বলেন, ‘আজকে যারা গ্যাস নেই, বিদ্যুৎ নেই স্লোগান দিয়ে লংমার্চ করছেন—এটা এ সময়ে যুক্তিযুক্ত নয়।’
বিরোধী দলকে আবারও সতর্ক করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এক দফার হুংকার দেবেন না। বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল, ১৭ বছর রাজপথ থেকে লড়াই করে উঠে আসা দল।’