নীলফামারীর ডোমারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সরকারি কর্মসূচিতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও কম্পিউটার অপারেটর আব্দুল কাদেরের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ২১ জন ভুক্তভোগী।
ভুক্তভোগীদের দাবি, প্রায় দুই বছর আগে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়া হয়। টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং কাজ বাতিল করা হবে বলেও ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তারা।
রেজিনা বেগম ও আঞ্জু বেগম নামের দুই নারী ভুক্তভোগীর অভিযোগ, দুই বছর আগে মাটিকাটা প্রজেক্ট এর কাজ দেয়ার কথা বলে দুই হাজার টাকা করে নেন ইউনিয়ন পরিষদের আব্দুল কাদের। কাজ না হারানোর ভয়ে সুদের উপর টাকা ধার নিয়ে কাদেরের হাতে দেন।
রবি রাম নামের আরেক ভুক্তভোগীর অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজ করেনা কাদের। দুই বছর পার হয়ে গেলো কাদেরকে টাকা দেয়ার কিন্তু কাজের কোনো খবর নাই। শুনেছি সেই প্রজেক্ট আর নাই তাই আজ টাকা নেয়ার জন্য কাদের এর অফিসে এসেছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ টাকা ছাড়া আব্দুল কাদের কোনো কাজ করেন না।
ছোট খাটো কাজ করতে গেলেও তাকে ঘুষ দিতে হয়। তার বিরুদ্ধে অভিযোগ দিলেও তার কোনো ব্যবস্থা নেয়া হয়না। ডোমার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল কাদের টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আগে থেকেই যারা কাজ করছে তারাই যেন আবার কাজের সুযোগটি পায় সেজন্য আমি টাকা নিয়েছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সরকারি কর্মসূচিতে কাজের বিনিময়ে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। টাকা দেওয়া এবং নেওয়া উভয়ই আইনগতভাবে অপরাধ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।