মুন্সীগঞ্জ প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে উষ্ণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে সাড়ে ৫ কোটির বেশি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে ৩ কোটির বেশি চারা রোপণ করা হয়েছে। আগামী শীত মৌসুমে উপকূলীয় এলাকায় আরও ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে।
তিনি বলেন, গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা না হলে বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। তাই রোপণ করা প্রতিটি গাছকে যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে সন্তানের জন্মের পর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
পলিথিন ও প্লাস্টিক দূষণ নিয়েও কথা বলেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাতলা পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ, মাটি ও জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দূষণ মোকাবিলায় ‘রিফিউজ’ বা পলিথিন বর্জনের নীতি যুক্ত করে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা, থানার ওসি নকীব আকরামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।