অতীতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়ে যারা রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তাদের এনসিপির সমালোচনা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, “আজ বিকেলে জনাব তারেক রহমান মন্তব্য করেছেন—আমাদের এই বাংলাদেশে নাকি নতুন করে একটা দল আর কিছু মানুষ অরাজকতা শুরু করেছে। তাদের নাকি প্রচলিত আইনের মধ্য দিয়ে মোকাবিলা করা হবে। তারেক রহমানকে আমরা বলতে চাই—আমরা অরাজকতা শুরু করিনি।”
বর্তমান পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, “গ্যাসে লুটপাট, বিদ্যুতে লুটপাট, জ্বালানিতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে বিগত ছয় মাসেই তারা অরাজকতা শুরু করেছে।”
বিগত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “যে দল বালুর ট্রাক সরাতে পারে না, যে দল বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল—সেই দলের পরামর্শের প্রয়োজন আমাদের নেই।”
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে ভয় দেখিয়ে, আইনের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করেছে এবং বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন।”
‘মার্চ ফর ডেমোক্রেসি’র প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, যারা সেই সময় রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তারা এখন তাদের সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না।