বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম কাজ হিসেবে জুলাই সনদের সঙ্গে ‘বেইমানি’ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ সামনে রেখে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই সনদ অস্বীকার করা হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দাউদকান্দি ও পদুয়া বাজার বিশ্বরোডে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা এই সরকারের আমলে দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চারদিকে হাহাকার।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন ওনার সেই প্ল্যান কি শেষ হয়ে গেছে? যে কারণে এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান? আমরা তো প্ল্যান দিয়েছি, কিন্তু সেই প্ল্যান শোনার পর ওনারা আর কোনো কথা বলছেন না।”
সম্প্রতি গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশের সময় সিফাত অশালীন ভাষা ব্যবহার করেছিলেন। সেই ভাষা তারা সমর্থন করেন না। তবে তাকে গ্রেপ্তারের পর মারধর এবং ‘অন্যায়ভাবে’ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে ডা. শফিকুর রহমান বলেন, “সিফাত আব্দুল্লাহর হাতে কি কোনো অস্ত্র, দা কিংবা পিস্তল ছিল? যদি না-ই থাকে, তবে কেন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দেওয়া হলো? এই জবাব সরকারকে দিতে হবে।”
জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, “হিম্মত থাকলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকারী, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হামলাকারীদের বিচার করুন। বদলে আমাকে জেলে নিয়ে যান, তাও ওইসব হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করান।”
সরকারের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, “আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন। তারপরও আমরা তা মেনে নিয়েছি। জনগণকে বিভিন্ন ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা পূরণ করুন।”
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “এই দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হয়ে আমরা সংসদে বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য রয়েছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় ছয় দফা আন্দোলন এক দফায় পরিণত হবে।”
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।