মোঃ হাচান আল মামুন (খাগড়াছড়ির) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রামগড় থানার একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করে।
অভিযানে ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা এবং একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের খাগড়াছড়ির বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।