আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে বিএনপি একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, একই উপজেলা, পৌরসভা বা ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না। যেসব ত্যাগী নেতা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে। ত্যাগী কোনো নেতাকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি।
আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে পার্থক্য বুঝতে হবে। জামায়াতে ইসলামী ‘তালিমের নামে’ নারী কর্মীদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দুলুর দাবি, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এবং জামায়াতকে ভোট দিলে ‘জান্নাতে যাওয়ার’ কথা বলছেন। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে জন্য শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান টুকুর দ্রুত সুস্থতা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।