৫ আগস্টের ঐতিহাসিক ঘটনাবলির ‘ক্রেডিট’ দিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে ভোগে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। একই সঙ্গে তিনি বিএনপিকে জনগণের মতামত ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘গণভোট সংক্রান্ত জাতীয় সংলাপ’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে ভোগে। কারণ, গণঅভ্যুত্থানের ওই সময়ে আন্দোলনের যে বার্তা বা বক্তব্য তৈরি হয়েছিল, তা তাদের পক্ষ থেকে দেওয়া ছিল না। অথচ যারা ওই বার্তা দিয়েছে, তাদের কোনো ক্রেডিট বা কৃতিত্ব দিতেও দলটি নারাজ।”
বিএনপিকে ‘জনগণের দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটির উচিত জনগণের পছন্দ ও চাওয়া-পাওয়াকে সানন্দে মেনে নেওয়া।
তিনি বলেন, আন্দোলনের স্লোগানকেও নিজেদের পছন্দমতো নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে চাওয়া হচ্ছে। তবে দুই-একজনের অহংবোধের কারণে দেশের জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ বিপন্ন হওয়া ভালো লক্ষণ নয়।
শিশির মনির বলেন, “কোনো দল বা ব্যক্তির ইগো ও অহংকারের কাছে একটি পুরো জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়।”
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “বর্তমান সরকারপ্রধানের সামনে রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক অনন্য সুযোগ এসেছে। তিনি প্রকৃত রাষ্ট্রনায়ক হবেন, নাকি সাধারণ রাজনীতিকের পরিচয়ে সীমাবদ্ধ থাকবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”