অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের ঘটনায় আটক গাজীপুরের সিফাত আব্দুল্লাহর মুক্তি দাবি করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তাসনিম জারা।
জানা গেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ জানিয়ে একটি ভিডিও তৈরি করেন সিফাত। সেখানে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কয়েকজনকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।
তাসনিম জারা তার পোস্টে স্বীকার করেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না। তবে তাকে অভদ্রতার অভিযোগে নয়, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন-গালি দেওয়া কি সন্ত্রাস হিসেবে বিবেচিত হতে পারে?
সিফাতকে আটকের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের সমালোচনাও করেন তিনি। তার মতে, গ্রেপ্তারের বিরোধিতা করে যারা লিখছেন, তাদের মন্তব্যের ঘরে অনেকে গালিগালাজ করছেন। অথচ একই ব্যক্তিরা সিফাতের অশালীন বক্তব্যের কারণে তার গ্রেপ্তারকে যৌক্তিক বলছেন।
ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ব্যক্তিদের সমালোচনার ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাসনিম জারা। তার ভাষ্য, ক্ষমতাসীন কাউকে গালি দিলে তা অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, অথচ অন্যদের ক্ষেত্রে একই আচরণ গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে।
কোন বক্তব্য বা কর্মকাণ্ডের কারণে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে, সরকারকে তার একটি স্পষ্ট তালিকা প্রকাশের আহ্বান জানান তাসনিম জারা।
তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, কী লিখলে, কী আঁকলে কিংবা বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিয়ে কী বললে পুলিশ বাড়িতে আসবে না-সরকার যেন তার একটি তালিকা প্রকাশ করে। আর এমন তালিকা তৈরি করতে অস্বস্তি হলে সংশ্লিষ্টদের সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।
পোস্টের শেষ অংশে সিফাতকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাসনিম জারা। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনের যেসব ধারা মতপ্রকাশের বিরুদ্ধে প্রয়োগের সুযোগ রয়েছে, সেগুলো সংশোধনের আহ্বান জানান তিনি।