মেহেদি হাসান রাতুল
সিলেট প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে দেলোয়ার নামের এক যুবকের কাছ থেকে ১২টি ইয়াবা উদ্ধারের ঘটনাকে সাজানো দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দরবস্ত বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য, গত ৩১ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে এশার নামাজ শেষে কর্মস্থলে ফিরছিলেন দেলোয়ার। পথে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তার পোশাকে ১২টি ইয়াবা ঢুকিয়ে ঘটনাস্থলে লোকজন জড়ো করা হয়। পরে অভিযুক্ত হামলাকারীরা সেখান থেকে চলে যান।
স্থানীয়রা জানান, খবর পেয়ে দরবস্ত বাজারের কয়েকজন ঘটনাস্থলে যান। বিষয়টি বুঝে ওঠার আগেই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ১২টি ইয়াবাসহ দেলোয়ারকে গ্রেপ্তার করে।
দেলোয়ারের পরিবার ও কর্মস্থলের মালিকের দাবি, তিনি দীর্ঘদিন ধরে শাপলা ভবন মার্কেটে কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। ওই ভবনে কথিত অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে তাকে চাপ দেওয়া হয়েছিল। এতে রাজি না হওয়ায় তাকে আগে থেকেই ভয়ভীতি দেখানো হচ্ছিল। সেই বিরোধের জেরেই ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে পরিবার ও স্থানীয়দের তোলা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিক পর্যায়ে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। পরিবারের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রশাসনের একটি দল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বাসিন্দারা দেলোয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।