শেখ নজরুল ইসলাম , তালা সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাটকেলঘাটা বাজারের ওভারব্রিজ সংলগ্ন বাবলু মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে দেশে যে উন্নয়ন হয়েছে, তা অভূতপূর্ব। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দল জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। তার প্রতিফলন সাতক্ষীরা-শ্যামনগরের কাজী নজরুল ইসলাম দিয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা-কলারোয়ার ২৪টি ইউনিয়নে বিএনপির একক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। একই সঙ্গে পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে রূপান্তরের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাটকেলঘাটায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মোহাব্বত আলী সরদার, হাফিজুর রহমান, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহসভাপতি আলী হোসেন, যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাইদুর রহমান সাইদ, আনিসুজ্জামান আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, জিএম আবু মুহিত, সদস্য সচিব আবুল কালাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী, তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিলি খাতুন আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বাবলু মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাবলু মার্কেট এলাকায় এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।