মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের মধ্য সোনারং এলাকার বাসিন্দা মো. মারুফ শেখ (২২), পিতা আফজাল শেখ এবং আবির শেখ (২০), পিতা শরীফ শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের জোড়া মঠ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ৩০ আগস্ট তাদের মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, টঙ্গীবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।