ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিদেশে পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে।
এর অংশ হিসেবে গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ২৭ মে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এ ছাড়া ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের তথ্য আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়।
বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির আওতায় সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে দেশটি। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর পাশাপাশি আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।
মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক মোল্লা নজরুল ইসলামকেও সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক আসামিকে শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।