কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাসনাত তার বক্তব্যে প্রশ্ন রাখেন নাকি রাজনৈতিক বক্তৃতা দেন— তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা; বুঝতে পারিনি।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাতছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত
সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন। সেখানে গান-বাজনা ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত জানতে চান, ‘এই ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কিনা? আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কিনা, নাকি তিনি ব্যর্থ হয়েছেন?’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা— বুঝতে পারিনি।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কিনা, এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটা আরেকটা প্রশ্ন।’
হাসনাতের বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন— সেই স্ট্যাটিস্টিক্সটা আমি জানি না।’
কোথায় ব্যর্থতা, বলতে হবে
রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে। আইন রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি– এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।’
কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলা হলে সেটির পরিপ্রেক্ষিতে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘যদি কাগজ নিয়ে বলা হয়, এতটা হত্যা হয়েছে, এতটা গুম হয়েছে– সেটা কীসের স্টেটমেন্ট, আমরা জানি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি এবং সাধারণ আলোচনায় সরকার অপরাধের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছে। কোনও নির্দিষ্ট ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কিনা, সে বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে তা নিয়ে বিতর্ক করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।