সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানান, রোববার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।