সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মেধাবী শিক্ষার্থী নাঈম শিকদারের ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসায় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুত অর্থ সহায়তার অংশ হিসেবে দুই লাখ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কলতান বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধানমন্ত্রীর পক্ষে নাঈমের দাদা আবদুস সাত্তার শিকদারের হাতে এ অর্থ তুলে দেন। কয়েক দিনের মধ্যে প্রতিশ্রুতির বাকি অর্থও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম ও কলতান বিদ্যানিকেতনের পরিচালক আমিনুল ইসলাম বাদলসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ। তিনি তাঁর মা-বাবার কাছ থেকে এই মানবিক মূল্যবোধ পেয়েছেন। ব্যস্ততার মধ্যেও তিনি দেশের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও আনন্দ-বেদনার খোঁজ রাখেন।
তিনি বলেন, উপজেলা পর্যায়ের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীর অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এ কারণে তিনি ওই মায়ের চিকিৎসায় অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্যোগের সঙ্গে প্রধানমন্ত্রীর এগিয়ে আসা সবার জন্য উৎসাহ ও প্রেরণার বিষয়।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ও অর্থনীতিতে। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে।
জানা গেছে, এ বছর কলতান বিদ্যানিকেতন থেকে ২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভালো ফলাফল করায় তারা মিষ্টি খাওয়ার জন্য টাকা সংগ্রহ করেন। পরে সহপাঠী নাঈম শিকদারের মা লাইলী বেগম ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে মিষ্টি না খেয়ে সেই টাকা তাঁর চিকিৎসায় দেওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর শিক্ষার্থীরা নিজেদের সংগ্রহ করা ২০ হাজার টাকা নাঈমের দাদা আবদুস সাত্তার শিকদারের হাতে তুলে দেন। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরাও আরও ২০ হাজার টাকা ওই পরিবারের হাতে তুলে দেন। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি লাইলী বেগমের চিকিৎসায় অর্থ সহায়তার ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সখীপুর তালতলা চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।