সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার থাকা কলেজ শিক্ষক আরিফুল ইসলাম ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ মারা যান তিনি।
তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আরিফুল দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা ও অনিয়ন্ত্রিত অনলাইন জুয়ার বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এরই জের ধরে তাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়াতে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশি তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
সংঘাত এড়াতে এবং নিরাপত্তা জোরদারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুর্ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।