কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন। নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মর্মান্তিক এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন ভালো মনের মানুষ হিসেবে সহকর্মী ও স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।
স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।
ভারতের পিটিআই, এনডিটিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আটজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।
সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও তার সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।