সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০ টায় বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বড় ছেলে অরবিন্দ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে সতীশ চন্দ্র রায়ের বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন সতীশ চন্দ্র রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম মন্ত্রিসভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।