স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে কোনো অবস্থাতেই থ্রি-হুইলার উঠতে পারবে না। কেউ মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নতুন চালু হওয়া এআই ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে।
নোটিশে অপরাধের ধরন ও জরিমানার পরিমাণ উল্লেখ থাকবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরায় কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি চালু করা হবে।
মহাসড়কে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, মালিকপক্ষ কিংবা শ্রমিকপক্ষ—যে পক্ষ থেকেই চাঁদাবাজি করা হোক না কেন, ক্যামেরার মাধ্যমে তা রেকর্ড করা হবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করবে। পাশাপাশি অতিরিক্ত গতি, বেপরোয়া চলাচল ও উল্টোপথে গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ন্ত্রণে এআই ক্যামেরা ভূমিকা রাখবে। এতে মহাসড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলেও আশা করা হচ্ছে।
এতদিন মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে পুলিশের সরাসরি নজরদারি ও মামলা করার ওপর নির্ভর করতে হতো। নতুন ব্যবস্থায় সেই নজরদারির সঙ্গে যুক্ত হলো এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা আইন প্রয়োগের পাশাপাশি জবাবদিহিতা বাড়াতেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।