সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় রাজস্ব সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। তবে দেশের স্বার্থে প্রয়োজনীয় খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হবে না।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।