সরকার অর্থের বিনিময়ে দেশের বাইরে থাকা লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা সরকারের জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মঞ্জু অভিযোগ করেন, দিল্লির ইন্ধনে হাদী হত্যাকাণ্ডসহ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় এবি পার্টি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফার প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন খাতে এস আলমের মতো বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের পছন্দের লোকদের পদায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখান থেকেও সরকার সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গুম কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের শাস্তির বিধান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, এমন পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত আইনের চেয়েও বেশি উদ্বেগজনক।