মুন্সীগঞ্জ প্রতিনিধি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে গ্রেপ্তার আব্দুর রহিমকে মুন্সীগঞ্জ আমলী আদালত-৪-এ হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো. আব্দুর রহিমের বয়স ৬৪ বছর। তিনি টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আব্দুল্লাহপুর গ্রামের মৃত সাইজ উদ্দিন মিয়ার ছেলে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বৃহস্পতিবার রাত ১০টার দিকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।