জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র্যালিতে বক্তব্যে তিনি বলেন, তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে হবে এবং তাদের মেধা ও প্রতিভার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণরা মেধাবী, পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক। জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন, দুর্নীতি দমন এবং মানবাধিকার নিশ্চিত করা।
তরুণদের বেকারত্বের প্রসঙ্গ তুলে আযাদ বলেন, উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ বেকার। কর্মমুখী শিক্ষা ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিদেশে তরুণদের মেধা পাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণার সুযোগ না থাকায় অনেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন। শেষে তিনি বলেন, “আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব।”