জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জাদুঘরকেন্দ্রিক আগ্রহও বাড়বে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের জন্য সপ্তাহে একটি দিন শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য নির্ধারণের সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় জাদুঘরে নিয়ে গিয়ে এটি দেখানোর ব্যবস্থা করা হবে।
শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে টিকিট লাগবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “হ্যাঁ, টিকিট ফ্রি, ইটস ফ্রি অব কস্ট।”
তিনি আরও জানান, এই উদ্যোগ শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, “এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে, সেখানেও স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়।”
তিনি জানান, ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন জাদুঘরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে গিয়ে পরিদর্শনের সুযোগ তৈরি করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, শুরুতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে একদিন সামান্য ব্যবস্থাপনা সমস্যা তৈরি হয়েছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শৃঙ্খলার সঙ্গে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।