জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই জাদুঘর থেকে ফেলানী হত্যাকাণ্ড, সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার তথ্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনের কিছু ছবি সরিয়ে দেওয়া হয়েছে। ভারতকে ভয় পেয়েই এসব ঐতিহাসিক উপাদান সরানো হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
শনিবার সকালে জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিনি যখন জাদুঘরটি পরিদর্শন করেছিলেন, তখন সেখানে ফেলানীর স্মৃতিসংবলিত ছবি, সীমান্ত হত্যার তথ্য এবং মোদিবিরোধী আন্দোলনের কিছু স্থিরচিত্র ছিল। তবে শনিবার সেগুলো আর দেখা যায়নি।
নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া উচিত নয়। গত ১৬ বছরে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে ভারতের ভূমিকার বিষয়টিও ইতিহাসের অংশ হিসেবে জাদুঘরে তুলে ধরা প্রয়োজন।
জুলাই জাদুঘরের বর্তমান প্রদর্শনীকে আরও বিস্তৃত করার দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা, ঢাকার বাইরের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি। জাদুঘরকে দলীয় ইতিহাসের বাইরে রেখে জাতীয় ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া জাদুঘরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং পর্যাপ্ত জনবল নিয়োগেরও দাবি জানান নাহিদ।