জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
পোস্টে সারজিস আলম বলেন, মাত্র দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলনের মধ্যেও কোনো রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য উল্লেখযোগ্য কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছিল।
তিনি উল্লেখ করেন, ইশরাক হোসেন প্রায় ছয় মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলোর বাইরে নতুন করে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চান তিনি।
সারজিস আলম লিখেছেন, “আমরা জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া উদ্যোগগুলোর বাইরে গত ছয় মাসে আপনি এবং আপনার মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য নতুন করে কী কী করেছেন?”