বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ড. তাসনিম জারা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার নন, জনগণের সেবক। সেই দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত।”
ড. তাসনিম জারা দাবি করেন, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করছেন। তার ভাষ্য, এসব মানুষের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েও অভিযোগ করছেন না।
তিনি আরও জানান, বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়ার বিভিন্ন কমিউনিটি গ্রুপেও একই ধরনের অভিযোগ করছেন বহু বাসিন্দা। তার মতে, মানুষ যখন সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন অভিযোগের জবাব না দিয়ে হুমকির ভাষা ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, “ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানির আয়োজন করুন। গ্রাহকের মুখোমুখি বসুন এবং বিদ্যুৎ বিল কেন বেশি আসছে তার ব্যাখ্যা দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”