দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে।
এ ছাড়া গত ১৭ বছরের রাজনৈতিক শাসনামলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য-উপাত্ত ও দলিলও জাদুঘরে স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরবে।