রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি এবং মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। আজ রোববার (০২ আগস্ট ২০২৬) ভোরে কুমিল্লা ও ফেনীর সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘চৌয়ারা বাজার’ এলাকায় অভিযান চালায়।
পৃথক আরেকটি অভিযানে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির আরেকটি টহল দল সীমান্ত রেখার ৩০০ গজ অভ্যন্তরে ‘উত্তর বেতীয়ারা’ নামক স্থানে পৃথক একটি অভিযান পরিচালনা করে।
উভয় অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১,১৫,০০,০০০/- (এক কোটি পনেরো লক্ষ) টাকা।
বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এই মালামাল প্রচলিত বিধি অনুযায়ী নিকটস্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।