রাবি প্রতিনিধি, মো. আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটর ডেম কলেজ, ঢাকার সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান অ্যালায়েন্স অফ রাজশাহী ইউনিভার্সিটি (NDARU)এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ১২৫ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোক্ষিদুল হক কাওসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আচওয়া আহমদ (আরিয়ান)। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটরডেমিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
প্রধান অতিথি মোক্ষিদুল হক কাওসার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নেতৃত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা, বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সিনিয়র–জুনিয়র নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, নটর ডেম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নটরডেমিয়ানরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে একাডেমিক সহায়তা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।