সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির অর্জন। তিনি জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়টি নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।
মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার সরকার ইতোমধ্যে করেছে এবং সেই সনদে স্বাক্ষরও দিয়েছে। জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে, তা সংসদে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকারকে কেন্দ্র করে রাজনৈতিক অপব্যাখ্যার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে আত্মসমালোচনা ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি স্বৈরাচারী সরকারের পতন কীভাবে নিশ্চিত করা যায়, সে অভিজ্ঞতাও দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কেন্দ্র—জুলাই সেই বার্তাও স্পষ্ট করেছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, দলটি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে এবং তাদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। দেশের সংকটময় সময়ে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি দাবি করেন।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। বক্তব্যের শেষে তিনি ঢাকা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।