প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এক মাসের মধ্যে শিক্ষার্থীদের মৌলিক যোগ-বিয়োগ শেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে বরখাস্ত বা সাময়িক বরখাস্তের (সাসপেনশন) মতো ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ জানা থাকা উচিত। যারা এখনো এ বিষয়ে দুর্বল, তাদের একসঙ্গে নিয়ে বিশেষভাবে শেখানোর ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ‘এক মাস আগে যোগ-বিয়োগ শেখাতে হবে। অন্য বিষয় আপাতত বাদ দিন। ক্যালকুলেশন, ফ্র্যাকশন—এসব পরে হবে, আগে শিক্ষার্থীদের যোগ-বিয়োগে দক্ষ করতে হবে।’
ববি হাজ্জাজ আরও বলেন, যেসব শিক্ষার্থী বাংলা পড়তে পারে না, তাদেরও আলাদাভাবে চিহ্নিত করে একসঙ্গে নিয়ে পড়ানোর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স বিবেচনার বিষয় নয়; বরং তাদের শেখার ঘাটতি পূরণ করাই মূল লক্ষ্য।
তিনি বলেন, এটি নিয়মিত ক্লাসের বাইরে অতিরিক্ত সময়ের বিষয় নয়। নির্ধারিত ক্লাস সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ব্যবস্থা করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয় পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (টিও) জানাতে হবে। পরে টিও এ বিষয়ে প্রতিবেদন দেবেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) বিষয়টি তদারকি করবেন।
তিনি বলেন, এক মাস পর তিনি এ বিষয়ে প্রতিবেদন চাইবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।