রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কার্যক্রমে অংশ নেন।
পদত্যাগের পর রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে সরকারি বাসভবনে তার অবস্থানেরও আনুষ্ঠানিক ইতি ঘটে। তিনি এখন রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অবস্থান করবেন।
এদিকে, তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।