প্রথমে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে, এরপর পর্যায়ক্রমে নদী খননের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর তা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে প্রথমে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, পরে নদী খননের কাজ শুরু হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। সময়মতো বৃষ্টিপাত না হওয়া এবং আবহাওয়ার স্বাভাবিক চক্রে পরিবর্তনের কারণে কৃষি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মাগুরা জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাক্কাবির আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।