বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। তা না হলে জনগণই জবাব দেবে।’
শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদী শাসনের পথ অনুসরণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতি বাড়ছে। তিনি বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না। প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে সরকারকেও প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই গণরায় বাস্তবায়ন না হলে জনগণের ইচ্ছার অবমূল্যায়ন হবে। নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে কর্মসূচি ঘোষণা করা হলে সবাইকে তাতে অংশ নিতে হবে।
বক্তব্যে সিলেটের বিভিন্ন উন্নয়ন দাবিও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, ঢাকা-সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার এবং সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে এসব দাবি বাস্তবায়নে কাজ করবে জামায়াতে ইসলামী।