প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করলে মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, এ ধরনের পরিবর্তন সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে হবে কি না, নাকি আরও সময় লাগবে—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলোচনা থেকে যতটুকু বোঝা যায়, যদি কোনো সময় তার মনে হয় কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সে ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।
সংবাদ সম্মেলনে সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগের কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।