বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচি দিতে বিরোধী জোট বাধ্য হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, বরিশালের সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি চলবে। তিনি দাবি করেন, গণভোটে অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না। তিনি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “নাটক কম করেন প্রিয়” এবং জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার আহ্বান জানান।
৭০ পার্সেন্ট মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন করছেন না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল—“নাটক কম করো প্রিয়।” তারেক রহমানকে বলে দিচ্ছি, তারেক রহমান নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয়- আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা, প্রতারণা এদেশের জনগণের সঙ্গে করবেন।’
সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।