ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,`ক্ষমতাসীন দলের নেতারা কি করছে? ক্ষমতাসীন দলের নেতারা বাহিরে মাদকের বিরুদ্ধে কথা বলে আর, রাতের বেলা মাদকের ব্যবসার লাভের অংশ থেকে ভাগের টাকা নেয়। এভাবে তরুণ ও যুব সমাজের হৃদপিণ্ডকে তাঁরা খেয়ে ফেলছে।
`আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে চেষ্টা করে যাবো ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচার।‘
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর ধামইরহাট উপজেলা শাখা এনসিপি’র আয়োজনে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে সারজিস আলম এসব কথা বলেন।
সমাবেশের আগে ধামইরহাট বাজার নিমতলী মোড় হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি আমাইতাড়া বাজারে এসে মিলিত হয়। এ সময় দলীয় সমর্থক ও স্থানীয়দের উপস্থিতিতে ইনকিলাব, ইনকিলাব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
সারজিস আলম বলেন, `বিএনপির নেতাকর্মীরা বাহিরে শিক্ষার উন্নয়ন নিয়ে সুন্দর কথা বলে, আর প্রত্যেকটা স্কুলে গিয়ে দলের সবচেয়ে অযোগ্য চাটুকার লোকটাকে, বিদ্যালয়ের সভাপতি বানানোর জন্য এমন কোন নোংরামি নেই যে তাঁরা করেনা।
এভাবে তাঁরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই অসুস্থ রাজনীতি চর্চার কারণে আমরা তাঁদের পেছনে রাজনীতি করতে পারিনা।’
আলমগীর হোসেন আরাফের সঞ্চালনায় জুলাই পথসভা অনুষ্ঠানে জেলা এনসিপির আহবায়ক মাহফুজার রহমান চৌধুরীকে ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে সারজিস আলম বলেন, `জুলাইয়ের আদর্শকে আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি।
আগামী নির্বাচনে ঘুষ দুর্নীতিবাজ ও দখলবাজদের প্রতিহত করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় দায়ীত্ব দিতে না পারলে, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব হবে না।‘
`একারণে আমরা যোগ্য ব্যক্তিকে আপনাদের মাঝে রেখে গেলাম। আগামী পৌরসভা নির্বাচনে তাঁকে ভোট দিয়ে মেয়র বানিয়ে ন্যায় ও ইনসাফ রাষ্ট্র গঠনে আমাদের সহযোগিতা করবেন।‘
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তি আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক (এনসিপি) সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, উপজেলা শাখা এনসিপির আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।