টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলনের সময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে একপর্যায়ে শিক্ষার্থীরা ফটকটি খুলে ফেলেন। পরে সেটি মাথায় তুলে নিয়ে যেতে দেখা যায় তাদের। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়লেও পরীক্ষা স্থগিত করা হয়নি। এর প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।
ঘটনার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।