নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে নন-এমপিও ডিগ্রি কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত এবং নির্ধারিত সব শর্ত পূরণ হলে নন-এমপিও ডিগ্রি কলেজগুলোও এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, দেশে বর্তমানে ১ হাজার ৫০টি অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি পাস কলেজ এবং ৬৯৮টি ডিগ্রি সম্মান কলেজ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬টি ডিগ্রি পর্যন্ত কলেজ এমপিওভুক্ত।
এদিকে সংসদে দেশের প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিসংখ্যানও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, যেখানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৯৯ লাখ ৫৮ হাজার। এছাড়া কিন্ডারগার্টেন বিদ্যালয় রয়েছে ৩২ হাজার ৬৬৩টি, যেখানে পড়ছে প্রায় ৬০ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৫টি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৭ হাজার ৫২৮টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এছাড়া দেশে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় ২৫ হাজার, যেখানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭০ লাখ।
শিক্ষামন্ত্রী আরও জানান, কওমি ও ইবতেদায়ি মাদ্রাসার মূল কারিকুলাম অক্ষুণ্ন রেখে সাধারণ শিক্ষার ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় যুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে।